কল্যাণপুর–গাবতলী সড়কে বাস থামায় নিষেধাজ্ঞা: ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা মহানগর পুলিশ অভিযানে কল্যাণপুর–গাবতলী সড়কে দূরপাল্লার গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ, চরম ভোগান্তি।

টুইট প্রতি‌বেদক: রাজধানীর কল্যাণপুর এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আকস্মিক কঠোর অবস্থানে গণপরিবহন চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কল্যাণপুর থেকে গাবতলী সড়কে কোনো বড় গাড়ি বা দূরপাল্লার বাস দাঁড়াতে না দেওয়ার সিদ্ধান্তে সকাল থেকেই যাত্রীরা পড়েছেন তীব্র ভোগান্তিতে।

স্থানীয় সূত্র জানায়, শ‌নিবার (১৮ এপ্রিল) ট্রাফিক শৃঙ্খলা ফেরানো ও দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএমপি হঠাৎ করেই বিশেষ অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে কল্যাণপুর এলাকায় যেখানে-সেখানে বাস থামানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কল্যাণপুর–গাবতলী সড়কে দূরপাল্লার বাস ও বড় যানবাহন দাঁড়ানোও বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি অননুমোদিত বাস কাউন্টার বন্ধ বা সিলগালা করায় পরিবহন ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

যাত্রীদের দুর্ভোগ

অপ্রস্তুত অবস্থায় সিদ্ধান্ত কার্যকর হওয়ায় অধিকাংশ যাত্রী নির্ধারিত স্টপেজ সম্পর্কে জানেন না। ফলে অনেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি আরও বেশি দেখা গে‌ছে, কারণ তাদের নির্দিষ্ট পয়েন্টে যেতে বাধ্য হতে হচ্ছে। অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

পরিবহন সংশ্লিষ্টদের বক্তব্য

বাসচালক ও সহকারীরা জানান, নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক জরিমানা, মামলা এবং যানবাহন জব্দের ঝুঁকি রয়েছে। ফলে তারা কোনো ঝুঁকি না নিয়ে নির্ধারিত স্টপেজ ছাড়া কোথাও দাঁড়াচ্ছেন না।

কেন এই কড়াকড়ি

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের মতে, এই অভিযানের মূল লক্ষ্য হলো- অবৈধ স্টপেজ ও অননুমোদিত কাউন্টার উচ্ছেদ, দীর্ঘস্থায়ী যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।

নগর পরিকল্পনাবিদদের মতে, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস্তবায়ন করায় সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহনে বিকল্প ব্যবস্থার অভাব স্পষ্ট।

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্ধারিত বাসস্টপ ও নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ তবে কল্যাণপুর–গাবতলী সড়কে দূরপাল্লার গাড়ি নিষেধাজ্ঞায় ভোগান্তি আরও তীব্র হয়েছে।