প্রথম হজ ফ্লাইটে সৌদি পৌঁছালেন ৪১৯ যাত্রী

জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা; এবারের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা।

টুইট ডেস্ক: বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে রিফ্রেশমেন্ট কিট বিতরণ করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ কর্মকর্তা মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং নুসুক মারহাবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রায়েদ বাকশাউন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হজযাত্রীরা এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। বিশেষ করে ইমিগ্রেশন ও বোর্ডিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

এ বছর হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস কাজ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকেও ফ্লাইট পরিচালিত হবে। চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।