রাজশাহীতে মসজিদ উন্নয়নে ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

মীরেরচক জামে মসজিদে নতুন ভবনের সূচনা। ১২৭ বছরের ঐতিহ্যের ধারায় আধুনিক ৬ তলা নির্মাণ, ধর্মীয় কার্যক্রমে বাড়বে সক্ষমতা।
টুইট প্রতিবেদক: রাজশাহী মহানগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের পুরাতন ভবনের স্থলে আধুনিক ৬ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রায় ১২৭ বছরের পুরোনো এ মসজিদ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন ৬ তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হলে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত স্থান সৃষ্টি হবে এবং ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর প্রত্যাশা, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন স্থাপনা ভবিষ্যতে ধর্মীয় চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।







