জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ, রাজপথে কর্মসূচির ইঙ্গিত।
টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ‘গর্জে ওঠার’ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের রায়কে বিকৃত করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তন-এ অনুষ্ঠিত দলটির জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির দাবি করেন, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিলেও রাজনৈতিক প্রক্রিয়ায় অনিয়ম ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনার চেষ্টা করছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। এ কারণে ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে দেশে নতুন ধরনের স্বৈরশাসনের সূচনা হয়েছে।
সম্মেলনে তিনি জানান, জনগণের স্বার্থ রক্ষায় সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই দল সক্রিয় থাকবে এবং দেশের সম্পদ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে কাজ করবে।






