বাঁশবাগানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ।
টুইট প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলায় একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাঁশবাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবর পেয়ে আমতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন।
ঘটনার দিন সকালেও তাকে বাগানের আশপাশে দেখা যায়। তবে কীভাবে এবং কখন তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য বাবুল সরদার জানান, সকাল ১০টার দিকে বাগানে নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে,তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।





