বাংলা ১২ মাস বলতে হিমশিম ডাকসু নেতা

সামাজিক মাধ্যমে সমালোচনা, বক্তব্যে বিতর্ক
টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্তিকর উত্তর দেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।
সম্প্রতি এক প্রশ্নের জবাবে বাংলা সনের মাসগুলোর নাম বলতে গিয়ে তিনি বলেন, “আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র… হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে?”—এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
তার এই বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের একাংশের মধ্যে বিস্ময় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, একজন সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে আরও সুস্পষ্ট জ্ঞান প্রত্যাশিত।
একই বক্তব্যে তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী–এর প্রসঙ্গ টেনে ‘তৈল’ শিরোনামের একটি প্রবন্ধের কথা উল্লেখ করেন এবং সমাজে তোষণ প্রবণতা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের তুষ্ট করার মানসিকতা সমাজের একটি অংশের মধ্যে লক্ষ্য করা যায়।
এছাড়া পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, এটি কখনো কৃষকের চোখের জল, আবার কখনো কৃষকের মুখের হাসির প্রতীক।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখছেন, আবার কেউ একজন দায়িত্বশীল ছাত্রনেতার কাছ থেকে এ ধরনের ভুলকে অগ্রহণযোগ্য বলছেন।






