ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

ধাক্কার ঘটনা ‘ভুল বোঝাবুঝি’, সম্পর্ক নষ্টে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার দাবি

টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন মাসুদ অরুণ।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-এর সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

মাসুদ অরুণ লেখেন, একটি খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মন্ত্রীর সঙ্গে তার করমর্দন ও কুশল বিনিময় হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটি অংশ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের সম্পর্ক নষ্টের চেষ্টা বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত ১১ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় মাসুদ অরুণকে ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাসুদ অরুণ। তিনি প্রায় ১ লাখ ৪ হাজার ভোট পেলেও পরাজিত হন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে।