রাজশাহীতে শিল্পায়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

রাজশাহীতে শিল্পায়নের নতুন দিগন্ত। উচ্চপর্যায়ের বৈঠকে আশাবাদ, কর্মসংস্থানের বড় সম্ভাবনা।

এম বি আলম: রাজশাহী বিভাগে শিল্পায়নের সম্ভাবনাকে নতুনভাবে মূল্যায়ন করে তা বাস্তবায়নের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদ। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন।

বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে কৃষিভিত্তিক সম্পদ, ভৌগোলিক অবস্থান ও মানবসম্পদের সমন্বয়ে শিল্পায়নের একটি শক্ত ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন আধুনিক অবকাঠামো, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ।

তাঁরা আরও উল্লেখ করেন, স্থানীয় কাঁচামাল ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এতে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই ত্বরান্বিত হবে না, বরং স্থানীয় যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা মনে করেন, পরিকল্পিত শিল্পায়ন বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চল উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এজন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে বক্তারা সম্মিলিতভাবে শিল্পায়নের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।