কেরানীগঞ্জে অবৈধ অকটেন বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

খোলা বাজারে বিক্রি ও মজুত—দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
কেরানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।
উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে নরন্ডী মোড় এলাকায় মো. জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে লাইসেন্স ছাড়া খোলা বাজারে অকটেন বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়। তিনি প্রতি লিটার ১৭০ টাকা দরে অকটেন বিক্রি করছিলেন। এ অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের পরবর্তী ধাপে শাক্তা ইউনিয়নের বামুনশুর এলাকায় শেখ মুহাম্মদ জাবের হোসেন (৪৩) নামের আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তার কোনো বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও তেল বিক্রি এবং প্রায় ৩০০ লিটার অকটেন ও ডিজেল মজুত করে রাখার প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মজুতকৃত জ্বালানি জব্দ করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






