দৌলতদিয়া ট্র্যাজেডি: শোকে স্তব্ধ দেশ, শাকিবের বার্তা

২৬ প্রাণহানি, এখনো নিখোঁজ কয়েকজন; নিরাপদ যাত্রা নিশ্চিতে জোর দাবি।
টুইট ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা দেশ।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন, আর এখনো অন্তত ৬ জন নিখোঁজ রয়েছেন।
স্বজন হারানোর বেদনায় ঘাট এলাকা ও আশপাশজুড়ে চলছে হৃদয়বিদারক আহাজারি। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, এমন শোকাবহ ঘটনায় দেশের শোবিজ অঙ্গনও নীরব শোকে স্তব্ধ। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
তার প্রতিষ্ঠিত প্রযোজনা ও পরিবেশনা সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়।
বার্তায় বলা হয়, “দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা। মহান আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাত নসীব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”
একই সঙ্গে এই দুর্ঘটনাকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং চালকদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর জোর দেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, দৌলতদিয়া ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-সংযোগ কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে।
কিন্তু নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, তদারকির অভাব এবং চালকদের অসতর্কতা বারবার এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
এই মর্মান্তিক ঘটনা আবারও প্রশ্ন তুলেছে,নদীপথ ও ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ কবে বাস্তবায়ন হবে।






