মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

পূর্বশত্রুতার জেরে হামলা, হাসপাতালে মৃত্যু; জড়িতদের ধরতে অভিযান!
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বিকেলে হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২২ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী গ্রামের দিঘির মোড়ে সাব্বিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাব্বির ওই গ্রামের আলমগীরের ছেলে। তিনি স্থানীয়ভাবে সবজি ও মুদির দোকান পরিচালনা করতেন। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোহনপুর থানার উপপরিদর্শক মোদাচ্ছের হোসেন খান জানান, প্রাথমিকভাবে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে সাব্বিরের পূর্বশত্রুতা ছিল বলে জানা গেছে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ থেকে সহিংসতায় রূপ নেওয়ার প্রবণতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি না হলে এ ধরনের প্রাণঘাতী সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






