বান্দরবানে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

ছবি: নিজস্ব

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন শুরু, মাসে মিলবে ২৫০০ টাকা সহায়তা

স্টাফ রিপোর্টার: বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির পাইলট পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে জেলার ১ হাজার ৯৭টি পরিবার এই কার্ডের আওতায় এসেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবে রূপ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

উদ্বোধনী কর্মসূচি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শুরু করা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে।

কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অর্ধ একরের কম জমির মালিক পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী পরিবার, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।