নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক

সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৭৫ হাজার কিয়াত উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের সময় তাদের কাছ থেকে মিয়ানমারের ১ লাখ ৭৫ হাজার কিয়াত উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা দিয়ে তিন ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। পরে তাদের আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি তিনজনকে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করার বিষয়টি প্রশাসন অবগত রয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।






