পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার দাবিতে উপজেলা পরিষদের সামনে কর্মচারীদের কর্মসূচি!
মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: সারা দেশের মতো রাজশাহীর দুর্গাপুরেও বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল (৯ম পে-স্কেল) দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে উপজেলা ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সুমন আলী। এতে বক্তব্য দেন সমিতির সদস্য সচিব মো. ফারুক হোসেন। এছাড়াও কর্মসূচিতে সমিতির কমিটির সকল সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজব্যবস্থা থেকে সব ধরনের বৈষম্য দূর করা। কিন্তু জাতীয় বেতন কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও নবম পে-স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্য রয়ে গেছে। এতে বিশেষ করে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, ৯ম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হওয়ার পরও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি। ফলে দীর্ঘদিন ধরে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে কর্মসূচি পালনের মাধ্যমে কর্মচারীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরছেন।
সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।






