দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ নয় বহু দেশে

বিশ্ব গড়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি যৌন সহিংসতা, আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ।
টুইট প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার আটটি দেশের নারী ও কিশোরীরা স্বামীর মাধ্যমে যৌন সহিংসতার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এ অঞ্চলে যৌন সহিংসতার নথিভুক্ত হার বিশ্ব গড়ের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
নারী অধিকার নিয়ে কাজ করা দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংগঠনের জোট ‘সমাজ’ পরিচালিত গবেষণায় বলা হয়েছে, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দেওয়ার প্রবণতা এ অঞ্চলে যৌন সহিংসতার উচ্চ হারের অন্যতম কারণ।
গবেষণা অনুযায়ী, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কায় বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ হিসেবে স্বীকৃত নয়। বিশ্বের প্রায় ৩৪টি দেশে এ ধরনের আইনি অব্যাহতি বহাল রয়েছে। অন্যদিকে নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও শাস্তির বিধান তুলনামূলক দুর্বল। দক্ষিণ এশিয়ায় মালদ্বীপই একমাত্র দেশ, যেখানে বৈবাহিক ধর্ষণের শাস্তি অন্যান্য ধর্ষণের সমান।
আন্তর্জাতিক নারী অধিকার সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর কর্মকর্তা রঞ্জিতা সিলওয়াল বলেন, দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনের শিকড় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে। ১৮৬০ সালে ভারত ও বাংলাদেশ এবং ১৮৮৫ সালে শ্রীলঙ্কায় প্রণীত আইনে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্ককে ধর্ষণের সংজ্ঞার বাইরে রাখা হয়।
নারী অধিকারকর্মীরা এ আইনি ব্যতিক্রমকে সেকেলে ও বৈষম্যমূলক বলে মনে করেন। তাঁদের মতে, অপরাধীর সঙ্গে ভুক্তভোগীর বৈবাহিক সম্পর্ক যা-ই হোক, সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণ হিসেবেই বিবেচিত হওয়া উচিত।
গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্যসহ বিশ্বের শতাধিক দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় এখনো এ বিষয়ে আইনি ব্যতিক্রম বহাল রয়েছে।
আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের অধিকার ও আইনি সুরক্ষা ক্রমাগত সংকুচিত হয়েছে। সিলওয়ালের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে নতুন দণ্ডবিধি চালু হওয়ার পর নারীদের সুরক্ষা আরও দুর্বল হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, স্ত্রীকে মারধরের ঘটনায় স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কেবল হাড় ভাঙা, দৃশ্যমান ক্ষত বা গুরুতর আঘাতের মতো ঘটনা ঘটলে। এমন অপরাধে দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখ নেই বলেও জানান তিনি।
ভারতে বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার দাবিতে করা ১০টি আবেদন দেশটির সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরুর কথা রয়েছে। বিষয়টি নিয়ে দেশটির আদালতগুলোতে অতীতে পরস্পরবিরোধী পর্যবেক্ষণও এসেছে।
বাংলাদেশেও মানবাধিকার সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণকে আইনি অব্যাহতি দেওয়ার বিধানের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এ ধরনের বিধান সংবিধানস্বীকৃত জীবনের অধিকার, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।
তবে আইন সংশোধন করলেই ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। নেপাল ও ভুটানের উদাহরণ তুলে ধরে তাঁরা বলেন, দেশ দুটিতে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও শাস্তির ক্ষেত্রে বৈষম্য রয়েছে।
ভুটানে এ অপরাধে এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। নেপালে সাধারণ ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত হলেও স্ত্রীকে ধর্ষণের দায়ে দোষী স্বামীর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বৈবাহিক সম্পর্ক কখনোই যৌন সম্পর্কে সম্মতির স্থায়ী অনুমতি হতে পারে না। নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আইনি সংস্কারের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি।






