পার্বত্য অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণে বিশেষ উদ্যোগ | শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অঞ্চলের টেকসই উন্নয়ন, ভূমিধস রোধ, জলাধার সংরক্ষণ ও ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অফিসকক্ষে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণের ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।

দুর্গম এলাকায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ

সাক্ষাৎকালে ব্যারিস্টার মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার এ অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।

ইউএনডিপির চলমান কার্যক্রমের সঙ্গে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ইউএনডিপির সহযোগিতা কামনা

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি বাংলাদেশ সরকারের পাশে থেকে সহযোগিতা আরও জোরদার করবে।

তিনি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটনশিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদি অংশীদারির জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান। পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে এ সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি, মৎস্য ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ইউএনডিপির কার্যক্রম

বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে সংস্থাটির চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

প্রতিনিধিরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষিপদ্ধতি, উদ্যানপালন (হর্টিকালচার), মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ইউএনডিপি প্রশিক্ষণ ও অনুদান দিয়ে আসছে।

এ ছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ (পিডিসি) গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের এলাকার উন্নয়ন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নারীর ক্ষমতায়নে উদ্যোগ

প্রতিনিধিদল আরও জানায়, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণে কমিউনিটিভিত্তিক প্রকল্প পরিচালনা করছে ইউএনডিপি।

পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে। স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতেও কাজ করছে সংস্থাটি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি অফিসের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।