চিকিৎসার অভাবে প্রাণ গেল জুলাইযোদ্ধা বিপ্লবের

শরীরে শতাধিক ছররা গুলি নিয়ে দুই বছর ধরে লড়াই, অসহায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
টুইট প্রতিবেদক: চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন আর নেই। দীর্ঘদিন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগার পর চিকিৎসার অভাবে নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে তার। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিপ্লব হোসেন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় তার গেজেট নম্বর ১১৬৩। ২০২৪ সালের ১৯ জুলাই রংপুর নগরীর সিটি বাজার এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। এ সময় তার শরীরে অসংখ্য ছররা গুলি বিদ্ধ হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন বিপ্লব। চিকিৎসকদের বরাত দিয়ে তারা জানান, তিনি মানসিক আঘাতজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। পরিবারের দাবি, প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে।
বিপ্লবের জীবনসংগ্রাম ছিল অত্যন্ত কঠিন। দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন তিনি। ঝালমুড়ি বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন। তার সামান্য আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা।
জানাজায় অংশ নিয়ে রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন বিপ্লব। শরীরে প্রায় শতাধিক ছররা গুলি নিয়ে দীর্ঘদিন জীবনসংগ্রাম করেছেন তিনি। দীর্ঘ চিকিৎসাজীবনের পর ২০ নভেম্বর তার মৃত্যু হয়।
বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে পরিবারের খোঁজখবর নেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
একদিকে অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিনের অসুস্থতা, অন্যদিকে অর্থনৈতিক অনটন, সব মিলিয়ে বিপ্লবের জীবনসংগ্রামের করুণ পরিণতি নতুন করে আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার প্রশ্ন সামনে নিয়ে এসেছে।






