দীর্ঘ রাজনৈতিক পথচলার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাসন, দলীয় নেতৃত্ব ও নির্বাচনী বিজয়ের পর সামনে সুশাসন ও জনআকাঙ্ক্ষা পূরণের চ্যালেঞ্জ
বিশেষ প্রতিনিধি : আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ তাঁর ৬২তম জন্মদিন। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ ও প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে এবার প্রধানমন্ত্রী হিসেবে জন্মদিন পালন করছেন তিনি।
তারেক রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। ২০০১ সালের নির্বাচনেও দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী কৌশল বাস্তবায়নে যুক্ত ছিলেন তিনি।
দলের সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এরপর দেশের বিভিন্ন এলাকায় তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার কাজে যুক্ত হন তিনি।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের পর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। পরবর্তী সময়ে দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। নির্বাসিত জীবনেও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। সে সময় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার মুখে দলীয় নেতৃত্ব ধরে রাখা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
দেশে ফেরার পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২১১টি আসনে জয়লাভ করে। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে দলীয় নেতৃত্ব থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধানের দায়িত্বে আসা তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
তবে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর তাঁর সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। সুশাসন, জবাবদিহি, আইনের শাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন—এসব ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে সরকারকে। একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তারেক রহমান দেশে ফেরার পর এক বক্তব্যে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বলে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তাঁর সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, শ্রমজীবী মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ এবং খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগের বাস্তবায়ন ও সাধারণ মানুষের জীবনে এর প্রভাব আগামী দিনে মূল্যায়নের বিষয় হয়ে উঠবে।
রাষ্ট্র পরিচালনায় তাঁর জীবনযাপন, প্রটোকল ব্যবহারে সংযম এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সহনশীল আচরণের বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। তবে সরকারের জন্য সবচেয়ে বড় বিবেচ্য হবে এসব অবস্থানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক অধিকার ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তারেক রহমান নানা পরিবর্তন ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। দলীয় নেতৃত্ব, নির্বাসিত জীবন এবং নির্বাচনী বিজয়ের পর এখন তাঁর সামনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার মধ্য দিয়েই তাঁর নেতৃত্বের মূল্যায়ন হবে।
জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শুভ জন্মদিন প্রিয় প্রধানমন্ত্রী।






