আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা

ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা শক্ত হাতে মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর
টুইট ডেস্ক : পতিত আওয়ামী লীগ সরকারের উদ্দেশে ‘এনাফ ইজ এনাফ’ (আর নয়) বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত ১৬ বছর গুম-খুন ও লুটপাটের সঙ্গে জড়িত পরাজিত শক্তি আবারও দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এসব অপচেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর যারা গুম-খুন ও দেশের সম্পদ লুটপাট করেছে, তারা আবারও সারা দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরাজিত সেই শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার তিস্তা ব্যারাজ ও মহাপরিকল্পনা নিয়ে কার্যকর কোনো কাজ করেনি। বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য।
এর আগে প্রধানমন্ত্রী লালমনিরহাটের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি ও বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট ছাড়াও কুড়িগ্রাম, রংপুর ও ঠাকুরগাঁও থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ ছাড়া লালমনিরহাট-১ ও ২ আসনের সংসদ সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত রয়েছেন।
মহেন্দ্রনগরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ দফা কর্মসূচি নিয়ে আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।






