টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর

থানা ঘেরাও করে হামলা, পুলিশের গাড়ি ও ব্যারাকে আগুন; পরে সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ!
টুইট প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানা, পুলিশের আবাসন এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করা হয়। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় থানা ভবন ও চত্বরে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের মেস ও ব্যারাকেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এ ছাড়া থানায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিস্তারিত ও সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
থানায় হামলার পর রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পাটগাতী বাজারের দক্ষিণপাড়া এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৫ নভেম্বর পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাট, যুবদল কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের পাটগাতী শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন। তবে কয়েকটি এলাকায় সড়কে ব্যারিকেড থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় বলে জানা গেছে।
এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।






