বেগম খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান
টুইট ডেস্ক : গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।
গত সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া এক নোটিশে তিনি এ দাবি জানান।
সংসদে বক্তব্যে ইকরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘ নয় বছর নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তা পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতন এবং ১৯৯১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর নেতৃত্বে দেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। পাশাপাশি গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
বিগত সরকারের সময়ের প্রসঙ্গ টেনে ইকরামুল বারী টিপু আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রায় ছয় বছর কারাবাস, নির্যাতন ও বিনা চিকিৎসায় বন্দি থেকেও খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছেন।
বক্তব্যের শেষে তিনি বলেন, অতীতে ইতিহাস বিকৃত করা হয়েছে। নতুন প্রজন্মের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।






