গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অস্ত্র হাতে সড়কে নেতাকর্মীরা, বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলার অভিযোগ; ডিসি-এসপি বদলি

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে গোপালগঞ্জ-পাটগাতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এসব ঘটনা ঘটে। মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে অংশগ্রহণকারীদের শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচরসহ শহরের কয়েকটি স্থানে জড়ো হন। পরে পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়ে তারা জুলাই বিপ্লবের পর থেকে তালাবদ্ধ থাকা আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলে দেন।

মিছিলে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। অনেকের হাতে জাতীয় পতাকাও ছিল।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি)-এর গ্লাস ও আয়না ভাঙচুর করা হয়। গাড়ির গায়ে রং দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়। ভাঙচুর করা হয় পুলিশ বক্সের গ্লাসও। পুরোনো লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত করা হয়।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

অন্যদিকে, টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলের অফিস, ছাত্রদল নেতা রানা মোল্লার অফিস এবং স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

ডিসি-এসপি বদলি

সহিংসতার ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার।

জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে।

নিরাপত্তায় পুলিশ ও বিজিবি মোতায়েন

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় গোপালগঞ্জে কর্মকর্তা-সদস্যসহ ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। পাশাপাশি যশোর রিজিয়ন থেকে বিজিবির প্রায় ১৫০ সদস্যের ছয় প্লাটুন মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের এ সহিংস ঘটনাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।