সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সাবান

তিন ভ্যারিয়েন্টে বাজারে এলো ‘লিলি সিরাম গ্লো সোপ’, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর।
টুইট ডেস্ক: ত্বকের যত্নে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন সাবান বাজারে এনেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি। ‘লিলি সিরাম গ্লো সোপ’ নামের নতুন পণ্যটি ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ, এই তিনটি ভিন্ন সুগন্ধে পাওয়া যাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যটির উদ্বোধন করেন ব্র্যান্ডটির দূত, মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন রিমার্কের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আবির আদনান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন সাবানে ব্যবহৃত ভিটামিন সি ত্বক উজ্জ্বল দেখাতে এবং কালো দাগের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে, শিয়াবাটার ত্বক কোমল ও মসৃণ রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, লিলি বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। নতুন সাবানে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে বলে মনে করেন তিনি।
ব্র্যান্ডের দূত হিসেবে নতুন পণ্যটির এসব বৈশিষ্ট্য আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে চান বলেও জানান সাবিলা।
নতুন ফর্মুলেশন প্রসঙ্গে আবির আদনান বলেন, বর্তমানে ভোক্তারা প্রতিদিনের ত্বকের যত্ন নিয়ে আগের তুলনায় বেশি সচেতন। ত্বক পরিষ্কারের পাশাপাশি ব্যবহৃত পণ্যের উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান তারা। বিষয়টি বিবেচনায় রেখেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন তৈরি ও বাজারজাত করা হয়েছে।
রিমার্কের আধুনিক বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, দেশের আধুনিক খুচরা বাজারে লিলির উপস্থিতি বাড়ছে। বিভিন্ন সুপারশপ ও বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে। নতুন সাবানটি ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যক্রম পরিচালক কামাল হোসেন বলেন, পণ্যের গুণগত মান ও বিশেষ বৈশিষ্ট্যের কারণে রিমার্ক ইতোমধ্যে বাজারে অবস্থান তৈরি করেছে। নতুন সাবানটিও ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলে তারা আশাবাদী।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি সৌন্দর্যচর্চা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, শিশুযত্ন ও গৃহস্থালি পরিচর্যার বিভিন্ন পণ্য উৎপাদন করে।
রিমার্ক জানিয়েছে, উৎপাদনব্যবস্থা, গবেষণা ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালাল সনদ পেয়েছে। পাশাপাশি তাদের কারখানা গ্রিন ফ্যাক্টরি পুরস্কার অর্জন করেছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।






