পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

পুলিশের পাঁচটি গাড়িতে আগুন, হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের
টুইট ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র বন্দুকযুদ্ধও হয়।
গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।
বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা নথিভুক্ত হয়। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।






