ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর; বিমানবন্দরে অভ্যর্থনা জানান ইস্তাম্বুলের গভর্নর

টুইট ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশ্যে যাত্রাপথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর তাকে ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুল বিমানবন্দরের অভ্যন্তরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। এর আগে একই দিন সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি (Layover) শেষে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি কানেক্টিং ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে জলবায়ু সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হতে যাওয়া ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিশ্ব সম্মেলনের ফাঁকেই বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা করার কথা রয়েছে তাঁর।