শেখ হাসিনার পাসপোর্ট মিলবে না আত্মসমর্পণ ছাড়া: স্পষ্ট করলেন জ্যেষ্ঠ আইনজীবী

শেখ হাসিনার পাসপোর্ট ও আইনি অবস্থান নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীর স্পষ্ট বক্তব্য; ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মন্তব্য
টুইট ডেস্ক: আইনি প্রক্রিয়া সম্পন্ন ও আদালতে আত্মসমর্পণ না করে কোনো পলাতক আসামি পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ রাখে না বলে স্পষ্ট জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শেখ হাসিনা আসলেও ভারতে আছেন তো, মন্তব্য করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সংশয় প্রকাশ করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনজীবী শিশির মনির জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছিল গত বছরের ৭ জানুয়ারি। নিয়ম অনুযায়ী কারও পাসপোর্ট বাতিল হলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার সরাসরি কোনো দরখাস্ত করা যায় না, একমাত্র পথ হলো আপিল দায়ের করা। কিন্তু কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো ধরনের দরখাস্ত করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আইনের অধীনে আবেদন করতে হলে অবশ্যই তাকে প্রথমে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কেসি (Steven Powles KC) প্রেরিত চিঠি প্রসঙ্গে তিনি বলেন, সেটি কোনো অফিশিয়াল পাসপোর্ট অ্যাপ্লিকেশন নয়; বরং পাসপোর্ট ও ন্যাশনাল আইডি (NID) পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে হাই কমিশনের কাছে পরামর্শ বা দিকনির্দেশনা চাওয়ার একটি প্রয়াস মাত্র। এছাড়া, মানবিক কারণে ভারত সরকার শর্তসাপেক্ষে আশ্রয় দেওয়ায় দিল্লির পক্ষ থেকে সিদ্ধান্ত পরিবর্তিত না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে একই দিনে নিজের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে প্রচলিত পাসপোর্ট আইন অনুযায়ী পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, সেখান থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যগুলোতে তাকে সরাসরি উপস্থিত দেখা যায়নি এবং সেগুলোর সত্যতা নিয়েও সংশয় রয়েছে।






