‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের বার্তা; শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতেও সরকারের অবস্থান স্পষ্ট
টুইট ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা রাজপথেই করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সব অপচেষ্টা রাজনৈতিকভাবেই প্রতিহত করতে হবে।
গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকার এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়েও আলোচনা হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই সরকার ব্যবস্থা নেবে। শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার খবরের সত্যতা এবং এর আইনগত ভিত্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাচাই করছে বলেও জানান তিনি।
সরকারি সূত্র জানায়, লন্ডনভিত্তিক একটি আইন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে নয়াদিল্লায় বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। তবে ওই ই-মেইলের সঙ্গে কোনো অনুমোদনপত্র বা ক্ষমতাপত্র সংযুক্ত না থাকায় আবেদনটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার আইনি সুযোগ রয়েছে এবং সরকার সেই প্রক্রিয়াকেই গুরুত্ব দিচ্ছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার উদ্যোগের সমালোচনা করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামও মন্তব্য করেছেন, দেশে ফিরতে হলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি তার সম্ভাব্য দেশে ফেরা এবং নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতামূলক ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের দাবি, এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






