২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদির সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, অতিরিক্ত ৫ হাজার কোটা পেল বাংলাদেশ

টুইট ডেস্ক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। নতুন এ চুক্তির আওতায় বাংলাদেশের হজ কোটা ৫ হাজার বৃদ্ধি পেয়ে মোট **৮৩ হাজার ৫০০ জনে** উন্নীত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় দ্বিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি-পরবর্তী বৈঠকে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার হজ কোটা বরাদ্দ দিয়েছে। এর ফলে ২০২৭ সালে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ কোটা নির্ধারণে মিনায় তাঁবুর সীমিত ধারণক্ষমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। তবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেন, কোনো দেশ তাদের পূর্ণ কোটা ব্যবহার করতে না পারলে বা কোটা বাতিল হলে অতিরিক্ত কোটা বরাদ্দের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে।

ধর্মমন্ত্রী জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য যা প্রয়োজন, তা করতে সৌদি সরকার আন্তরিক থাকবে।

এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। একই সঙ্গে হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং হজ-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।