সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি, নিহতদের মধ্যে শিক্ষক ও অভিভাবক
টুইট ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে যাওয়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, তিশা পরিবহনের বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে সাতকানিয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত লেন অতিক্রম করে মহাসড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫) নামে দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






