জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে পতাকা উত্তোলন, বিকেলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দেশকে হানাদারমুক্ত করতে নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মিনু আরও বলেন, জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তাঁকে অতীতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সর্বোচ্চ অবদান রেখেছেন। তাঁকে সামনে রেখেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় নগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।