ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের, জনগণের অধিকার রক্ষায় সবাইকে এক থাকার তাগিদ

টুইট ডেস্ক : জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল শত্রু-মিত্র চেনার দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে, একইভাবে ১৯৭৫ সালে সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের আন্দোলন ছিল স্বাধীনতা রক্ষার সংগ্রাম। ৭ নভেম্বরের নায়ক ছিলেন দেশপ্রেমিক সিপাহি-জনতা।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বর যেমন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, তেমনি মুক্তিযুদ্ধের সময়ও রণাঙ্গনে দেশের পক্ষে লড়াই করেছিলেন।

তারেক রহমানের ভাষ্য, যারা বাংলাদেশকে অন্যের ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে এবং সশস্ত্র বাহিনীর গৌরব নষ্ট করতে চেয়েছিল, সিপাহি-জনতা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তবে সেই ষড়যন্ত্র থেমে থাকেনি। পরবর্তী সময়ে পিলখানায় সেনা হত্যাকাণ্ড ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন।