ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ প্রকল্পও দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ, আগামী বছরের সেপ্টেম্বরে শেষ হবে সম্ভাব্যতা সমীক্ষা
টুইট ডেস্ক:দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দ্বিতীয় পদ্মা সেতুকে ওয়াই আকৃতিতে নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা এবং আনুমানিক নির্মাণ ব্যয় নির্ধারণ করা হবে।
দ্বিতীয় পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সভায় গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। পাশাপাশি ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
সভায় তিনটি গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।






