ইশরাক হোসেনের নেতৃত্বে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন কমিটি

২৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ
টুইট ডেস্ক:বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি ঘোষণা করা হয়।
আদেশে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন না করায় আগের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী।
যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. হাবিবুল্লাহ পারভেজকে। সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক ও ক্রীড়া সংগঠক।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের আদেশ অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
আদেশ জারির তারিখ থেকেই নতুন কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।






