২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করল ৭১-এর রাজাকার: ফেসবুকে রাশেদ খান

অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক; ফেসবুক পোস্টে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
টুইট ডেস্ক:২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের একসময় ‘রাজাকারের সন্তান’ বলে আখ্যা দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানকে এখন জামায়াতের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করল ৭১-এর রাজাকার।’
রাশেদ খান দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ‘ফেস দ্য পিপল’ আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। ওই অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন বলে জানান রাশেদ।
তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাবে আক্তারুজ্জামান আন্দোলনকারীদের শতভাগ রাজাকারের সন্তান বলে মন্তব্য করেছিলেন। এমনকি তাকেও একইভাবে আক্রমণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, একসময় জামায়াতকে সন্ত্রাসী দল বললেও বর্তমানে আক্তারুজ্জামান জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে দলটির স্লোগান দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক অবস্থান পরিবর্তন করলেই কি একজন ব্যক্তি জামায়াতের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন?
তিনি আরও প্রশ্ন করেন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে জামায়াতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে তাকেও কি দলটিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে?
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামিনে মুক্তির পর অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানকে সংবর্ধনা দেন জামায়াতের নেতাকর্মীরা।
তবে জামায়াতের আমির দাবি করেছেন, আক্তারুজ্জামান কারও গায়ে হাত দেননি এবং তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলাটি মিথ্যা। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।






