পাটুরিয়ায় ড্রেন থেকে শটগান উদ্ধার, লুট হওয়া অস্ত্র কি না তদন্ত

২০২৪ সালের গণআন্দোলনে পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা।
টুইট প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরিঘাট এলাকার একটি নর্দমার ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি ২০২৪ সালের গণআন্দোলনের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌ পুলিশ ফাঁড়ির পাশের একটি ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় খোয়া যাওয়া অস্ত্রগুলোর একটি হতে পারে এটি। ওই সময় পুলিশের বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল। সেসব অস্ত্রের কিছু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা এ ধরনের শটগান ব্যবহার করেন। তবে উদ্ধার করা অস্ত্রটি পুলিশের কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর উৎস ও মালিকানা শনাক্তে যাচাই-বাছাই চলছে।
তিনি আরও জানান, শটগানটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






