আইসিসির নিষেধাজ্ঞার মুখে আইরিশ ক্রিকেটার

নিষিদ্ধ পদার্থ সেবনের দায় স্বীকার করেছেন রেবেকা স্টোকেল, শাস্তিমূলক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত থাকবেন সাময়িক নিষেধাজ্ঞায়।

টুইট প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের দায়ে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ব্যাটার রেবেকা স্টোকেল। নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগ স্বীকার করে স্বেচ্ছায় এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে আইসিসি জানায়, গত ২৩ জুন প্রতিযোগিতাকালীন নেওয়া পরীক্ষায় স্টোকেলের নমুনায় নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে তাঁকে অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়।

অভিযোগ জানার পর তা স্বীকার করেন স্টোকেল। তবে আইসিসিকে তিনি জানিয়েছেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবনের কারণে তাঁর শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে।

শাস্তিমূলক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গত ২৩ অক্টোবর থেকে স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন এই আইরিশ ক্রিকেটার।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রেবেকা স্টোকেলের। এরপর থেকে আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আইসিসি জানিয়েছে, শাস্তিমূলক প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করা হবে না।