অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু

এক বছরের চুক্তিতে নিয়োগ, দায়িত্ব নিতে ছাড়তে হতে পারে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদ

টুইট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা হিসেবে পরিচিত শিবা শানু এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ হবে এক বছর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে হলে তাঁকে অন্য পেশা ও সাংগঠনিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে কি না, সে বিষয়ে এখনো তাঁর পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

চৌধুরী মাজহার আলী তাঁর আসল নাম হলেও চলচ্চিত্র অঙ্গনে শিবা শানু নামেই পরিচিত তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে জানা যায়।

দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত শিবা শানু বর্তমানে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন। এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী পদে নিয়োগের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনে নতুন অধ্যায় যুক্ত হলো।