পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালনে সেনাসদস্যদের নিষ্ঠার প্রশংসা, সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ
টুইট ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন তিনি।
এ সময় সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন সেনাপ্রধান।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।







