স্ত্রীকে সঙ্গে নিয়ে টয়োটার প্রথম যাত্রীবাহী গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের মোতোমাচি কারখানা পরিদর্শন, দেখলেন গাড়ি সংযোজন প্রক্রিয়া

টুইট ডেস্ক: জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়িতে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে ওঠেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাপানের মোতোমাচি কারখানায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে টয়োটার কর্মকর্তারা তাঁকে গাড়িটিতে ওঠার আমন্ত্রণ জানান। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িটি পরিদর্শন করেন তিনি। এ সময় কারখানায় গাড়ি সংযোজনের বিভিন্ন ধাপও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের গতিশীলতা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।

টয়োটার ইতিহাসে প্রথম যাত্রীবাহী গাড়ি তৈরির যাত্রা শুরু হয় ১৯৩০-এর দশকে। ১৯৩৫ সালে টয়োডা পরিবারের তৈরি গাড়ির নমুনা ‘টয়োডা মডেল এ১’-এর পর ১৯৩৬ সালে তৈরি হয় ‘টয়োডা মডেল এএ’, যা প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি হিসেবে পরিচিত।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।