গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা তুললেন হামজা

সংগৃহীত অর্থ ব্যয় হবে যুদ্ধাহত শিশুদের জরুরি চিকিৎসা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে; সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের।
টুইট ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার অসহায় শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সংগৃহীত অর্থ দিয়ে গুরুতর অসুস্থ ও আহত শিশুদের জরুরি চিকিৎসার জন্য গাজার বাইরে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় এ তথ্য জানান হামজা। এ মানবিক উদ্যোগে অংশ নেওয়া ব্যক্তি, অনুদানদাতা ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে আসছে নুজুম স্পোর্টস নামের একটি সংস্থা। মুসলিম খেলোয়াড়দের অধিকার সুরক্ষায় ‘মুসলিম অ্যাথলেট চার্টার’ উদ্যোগের জন্যও পরিচিত প্রতিষ্ঠানটি। হামজা বিভিন্ন দাতব্য কার্যক্রমে সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছেন।হামজা তাঁর বার্তায় জানান, গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করতে পেরে তিনি কৃতজ্ঞ।
এ আয়োজন সফল করতে যাঁরা উপস্থিত ছিলেন, অনুদান দিয়েছেন, সমর্থন জুগিয়েছেন এবং পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি উদ্যোগটি বাস্তবায়নে নুজুম স্পোর্টসের বিশেষ অবদানের কথাও উল্লেখ করেন।
সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গাজার শিশুদের চিকিৎসাসহায়তায়। হামজার ভাষ্য অনুযায়ী, এসব শিশুর অনেকের বেঁচে থাকার অন্যতম উপায় হলো উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া। এ কারণে জরুরি চিকিৎসার প্রয়োজনে যেসব শিশুকে গাজার বাইরে নেওয়া প্রয়োজন, তাদের সহায়তায় পুরো অর্থ ব্যয় করা হবে।
এ উদ্যোগের সাফল্যে সন্তোষ প্রকাশ করলেও গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় সংগৃহীত অর্থকে সামান্য অবদান হিসেবে দেখছেন হামজা। তিনি মনে করেন, মানবিক সহায়তার প্রচেষ্টা ছোট হলেও তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়ে হামজা ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি, শক্তি ও ধৈর্য কামনা করেন। একই সঙ্গে গাজাসহ ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ লাঘব এবং তাঁদের জীবনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এই ফুটবলার।
যুদ্ধের ভয়াবহতায় বিপর্যস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াতে হামজার এ উদ্যোগ আন্তর্জাতিক মানবিক সহমর্মিতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।






