আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: এমপি মিলন

রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য; সুযোগসন্ধানীদের সমালোচনা, শেখ হাসিনার পুনর্বাসন প্রচেষ্টার বিরোধিতা।

রাজশাহী প্রতি‌নি‌ধি: আগামী দিনের যেকোনো জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। দলের নেতা তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর যুবদল এ সমাবেশের আয়োজন করে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, ওই দিন দুপুর ১২টা পর্যন্ত অনেককে মাঠে দেখা যায়নি। কিন্তু বিকেল ৩টার পর লুটপাটের রাজত্ব কায়েম করতে অনেকেই রাস্তায় নেমেছিল বলে তিনি অভিযোগ করেন।

সুযোগসন্ধানীদের সমালোচনা করে তিনি বলেন, আগে আওয়ামী লীগ করতেন, এমন অনেকে এখন বিএনপির লোক সাজার চেষ্টা করছেন। পুলিশের কাছে গিয়ে জামায়াতে ইসলামী বা অন্য দলের পরিচয় দেওয়াকে তিনি ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেন।

পলাতক শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের পুনর্বাসনের চেষ্টার সমালোচনা করে মিলন বলেন, একটি গোষ্ঠী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের রক্ষার চেষ্টা করছে। তবে জনগণ তাদের ইতোমধ্যে ‘জাতীয় বেইমান’ ও ‘মুনাফেক’ হিসেবে চিহ্নিত করেছে বলে তিনি দাবি করেন।

রাজশাহীতে সুশৃঙ্খল কর্মসূচি আয়োজনের জন্য মহানগর যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এমপি মিলন। একই সঙ্গে বিএনপির প্রবীণ ও অসুস্থ নেতা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া চান।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এতে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।