বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল, সম্পাদক এন এ জাকির

৩৮ ভোটারের অংশগ্রহণে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন; যুগ্ম সম্পাদক রিজভী রাহাত ও কোষাধ্যক্ষ মো. ইসহাক নির্বাচিত।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক নাছিরুল আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এন এ জাকির।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ভোট বাতিল হয়নি বলে নির্বাচনী ফলাফলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট। মাত্র দুই ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।
সহসভাপতি পদে মোহাম্মদ মোজাম্মেল হক ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে এম এ হাকিম চৌধুরী পেয়েছেন ৭ ভোট, মিনারুল হক ৮ ভোট এবং মো. হোসাইন স্মার্ট ৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে এন এ জাকির বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী টিংৈশপ্রু মংটিং মারমা পেয়েছেন ৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. ইসহাক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে কৌশিক দাশ গুপ্ত পেয়েছেন ৭ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রুমা উপজেলার নির্বাচন কর্মকর্তা রাসেল দে। ২৭ অক্টোবর তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রেস ক্লাবের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বান্দরবান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, জনস্বার্থ এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়নে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






