বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে দুই দেশের শীর্ষ বৈঠক
টুইট ডেস্ক : বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী টোকিও।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের পরিচয়পর্ব শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন এবং দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সফরের প্রথম দিন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান।
মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দেশে সার কারখানা স্থাপন ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির আধুনিকায়নের বিষয়টিও আলোচনায় আসে।
জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা, চলমান প্রকল্পের কাজ ত্বরান্বিত করা এবং দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তি গ্রাম, উদ্ভাবন নগরী, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশলশিল্প ও জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব পায়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার সকালে টোকিও পৌঁছান তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সরকারের কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের সদস্যরা।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতেও নিউইয়র্ক যান তিনি।






