আইজিপির বক্তব্য প্রত্যাহারে ক্র্যাবের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদ; দাবি না মানলে ঐক্যবদ্ধ কর্মসূচির হুঁশিয়ারি।
টুইট প্রতিবেদক: সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেন, মাদকের টাকা না পেলে সাংবাদিকেরা পুলিশকে অকার্যকর বলে প্রতিবেদন প্রকাশ করেন। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হয় বলেও উল্লেখ করেন তিনি।
আইজিপির এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। তাঁরা বলেন, পুলিশের সর্বোচ্চ পদে থাকা একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।
ক্র্যাব নেতারা বলেন, মাদক নির্মূলে পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাঁদের মতে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে প্রমাণ ছাড়া সামগ্রিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের কার্যক্রমসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে উপস্থাপন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। পুলিশের কার্যকারিতা নিয়ে প্রতিবেদন বা সমালোচনাকে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ না পাওয়ার প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
এ ধরনের মন্তব্য জনমনে সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলতে পারে বলেও মনে করে সংগঠনটি।
বিবৃতিতে আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং এ বিষয়ে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ক্র্যাব। অন্যথায় সাংবাদিকদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত অধিকার রক্ষায় দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।






