পাকিস্তান-চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পর্যায়ে তৃতীয় সংলাপ অনুষ্ঠিত

সূত্র: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এক্স)

গণমাধ্যম সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ জোরদারে গুরুত্ব

টুইট ডেস্ক: পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পর্যায়ে তৃতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সংলাপে দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা, কৌশলগত যোগাযোগ ও জনকূটনীতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত সাজ্জাদ হায়দার খান এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিজ নিজ দেশের পক্ষে সংলাপে অংশ নেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে গণমাধ্যম সহযোগিতা, কৌশলগত যোগাযোগ ও জনকূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এসব উদ্যোগের লক্ষ্য দুই দেশের দীর্ঘদিনের পরীক্ষিত কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করা।

ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকালে চীনা মুখপাত্র মাও নিং দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সময় ইসহাক দার পাকিস্তান ও চীনের সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে তাঁর দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়