নাইক্ষ্যংছড়িতে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১

বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জব্দ করা হয়েছে ১২৫ সিসির মোটরসাইকেল
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আমজাদ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানাধীন ২ নম্বর বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাইশারী শাহানুরুদ্দিন মাদ্রাসার পশ্চিম পাশে সেতুসংলগ্ন বটগাছের নিচে সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক আমজাদ হোসেনের কাছ থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৫ সিসির একটি লাল-কালো রঙের ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।





