ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে এলাকা পরিবর্তনের আবেদন
টুইট ডেস্ক: আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই দিন সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম এবং যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তথ্যভান্ডারে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে, ১৩ মে চতুর্থ ধাপে এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের তফসিল জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা আগে আগস্টে নেওয়া হয়েছিল। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় নির্বাচন কমিশন নতুন করে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম চালু করেছে। চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই সংশ্লিষ্ট নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।






