রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের পথে যাত্রা, পথে দুটি পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

টুইট ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেবেন তিনি।

এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।