কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

মাদক উদ্ধারে গিয়ে সীমান্ত অতিক্রম, সদস্যদের ফেরাতে আলোচনা

টুইট ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের জন্য ওই দুই সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই ইমরানও বিএসএফের হাতে আটক হন।

আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানিয়েছে পুলিশ।