বান্দরবানে আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বিশেষ মতবিনিময় সভা

জননিরাপত্তা নিশ্চিত ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ
বান্দরবান প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
সভায় আরও উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি; বান্দরবান বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি; বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বান্দরবান পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার টেকসই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসব লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।






